বিজয় দিয়ে বাংলা লিখন পদ্ধতিতে হয়তো অনেকেই দক্ষ। কিন্তু সবাইতো আর বিজয় দিয়ে বাংলা টাইপিং করতে পারে না। তাই বিজয়ের বিকল্প  হিসেবে হয়তো বা আমরা অনেকেই অভ্র দিয়ে বাংলা লিখি। কিন্তু অভ্রতে যুক্তবর্ণ লিখতে অামরা হিমশিম খাই। মনে সৃষ্টি হয় ভীতি। চলুন অভ্রতে বাংলা টাইপের এই ভীতিকে দূর করি।

অভ্র কী-র্বোডঃ
অভ্র কী-র্বোড (Avro Keyboard) হল মাইক্রোসফট উইন্ডোজ, ম্যাক ওএস, উবুন্টু   এবং লিনাক্স-এ গ্রাফিক্যাল লেআউট পরিবর্তক এবং ইউনিকোড ও এএনএসআই সমর্থিত বাংলা লেখার বিনামূল্যের ও মুক্ত একটি সফটওয়্যার। এই সফটওয়্যারটির অনন্য বৈশিষ্ট্য হল এতে ফোনেটিক (ইংরেজিতে উচ্চারণ করে বাংলা লেখা) পদ্ধতিতে বাংলা লেখা যায়।

ইতিহাসঃ
উইন্ডোজে ইউনিকোড ভিত্তিক বাংলা লেখার জন্য ২০০৩ সালের ২৬শে মার্চ অভ্র কীবোর্ড সফটওয়্যারটি আবির্ভূত হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজের  ছাত্র মেহদী হাসান খান ২০০৩ সালে অভ্র কীবোর্ড তৈরির কাজ শুরু করেন। তিনি এটি সর্বপ্রথম তৈরি করেছিলেন ভিজুয়াল বেসিক প্রোগ্রামিং ভাষা দিয়ে, পরবর্তীতে তিনি তা ডেলফিতে ভাষান্তর করেন। এই সফটওয়্যারটির  লিনাক্স সংস্করণ লেখা হয়েছে সি++ প্রোগ্রামিং ভাষায়। পরবর্তীতে রিফাত-উন-নবী, তানবিন ইসলাম সিয়াম, রাইয়ান কামাল, শাবাব মুস্তফা এবং নিপুন হক এই সফটওয়্যারের উন্নয়নের সাথে যুক্ত হন। ২০০৭ সালে ‘অভ্র কীবোর্ড পোর্টেবল এডিশন’ বিনামূল্যে ব্যবহারের জন্যে উন্মুক্ত করা হয়।

বৈশিষ্ট্যসমূহঃ
অভ্র সফটওয়্যারে বাংলা লেখার জন্য প্রয়োজনীয় সব কিছু ইচ্ছামত সাজিয়ে নেওয়া যায়। এতে বাংলা লেখার জনপ্রিয় সকল পদ্ধতিই যুক্ত করা হয়েছে। এর নিম্নরুপ বৈশিষ্ট্যসমূহ বিদ্যমান।
  • বাংলা ইউনিকোড এবং এএনএসআই ফন্ট সমর্থন ও সরবরাহ করে।
  • উচ্চারণভিত্তিক (ফোনেটিক) বাংলা টাইপিং ব্যবস্থা: যদি “ami banglay kotha boli” টাইপ করা হয় তবে লেখা হবে “আমি বাংলায় কথা বলি”।
  • একাধিক কিবোর্ড লেআউট থেকে পছন্দের ব্যবস্থা রয়েছে, এমনকি ব্যবহারকারীর পছন্দনুযায়ী বিদ্যমান কিবোর্ড লেআউটকে সাজানো ও নতুন লেআউট সৃষ্টি করে যুক্ত করার ব্যবস্থা রয়েছে।
  • মাউস ক্লিকে অক্ষর চেপে বাংলা লেখার ব্যবস্থা রয়েছে।
  • ভাসমান বানান পরামর্শক: অভ্র ফনেটিক লেআউইটে, টাইপ করার সময় অভিধান থেকে শুদ্ধ বানানের একটি ভাসমান তালিকা দেখায়।
  • বানান শুদ্ধ করার জন্যে অভ্র’র সাথে ‘Avro Spell Checker’ নামে একটি স্বতন্ত্র প্রোগ্রাম রয়েছে।   প্লাগ-ইন এর মাধ্যমে এমএস ওয়ার্ডে বানান যাচাই করা যায়।
  • কীবোর্ডের অনেকগুলো কী সমন্বয় করে ম্যাক্রো তৈরি করে একটি কমান্ড হিসেবে ব্যবহার করা যায়।
  • “Unicode to Bijoy Text Converter” নামক একটি প্রোগ্রাম দিয়ে ইউনিকোডের বাংলা লেখাকে আনসিতে রূপান্তর করা যায়।
  • “Avro Converter” নামক একটি প্রোগ্রাম দিয়ে আনসি বাংলা লেখাকে ইউনিকোডে রূপান্তর করা যায়।
  • বাংলা লিপি ব্যবহার করে এমন সকল ভাষার জন্য ব্যবহারযোগ্য।
  • আইকমপ্লেক্স স্ক্রিপ্ট অন্তর্ভুক্ত ফলে, শুধুমাত্র অভ্র ইন্সটল করলেই কম্পিউটারকে বাংলা ভাষারজন্য ব্যবহারযোগ্য করা সম্ভব।

অভ্রতে অন্তর্ভুক্ত বাংলা লেআউট সমূহঃ
  • প্রভাত
  • মুনির অপটিমা
  • অভ্র ইজি (ওমিক্রন ল্যাব প্রকাশিত সহজ একটি লেআউট)
  • বর্ননা
  • জাতীয় (বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল প্রকাশিত বাংলা লেআউট)